মিরপুরে গার্মেন্টস ডিপোতে আগুন, শ্বাসনালি পুড়ে হাসপাতালে ৫ জন
নতুন প্রভাত ডেক্স:
রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও আহত পাঁচজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পাঁচজনের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ঝুঁকি বিবেচনায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুরের ওই গার্মেন্টস ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পরপরই দগ্ধ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার প্যারিদাস রোডের ৩৩ নম্বর লেনের একটি বাড়ির নিচতলায় এ আগুনের সূত্রপাত হয়। সেখানে গার্মেন্টসের ঝুট কাপড়ের গুদাম ছিল। আগুনের কালো ধোঁয়া দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে দ্বিতীয় ও চতুর্থ তলার পাঁচ বাসিন্দা শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, পাঁচজনেরই শ্বাসনালিতে ধোঁয়া প্রবেশ করায় ইনহেলেশন ইনজুরি হয়েছে। হাসপাতালে নেওয়ার পরপরই তাদের প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়।
চিকিৎসক জানান, বর্তমানে পাঁচজনেরই অক্সিজেন স্যাচুরেশন স্থিতিশীল রয়েছে। তবে শ্বাসনালিতে ধোঁয়া প্রবেশের কারণে সৃষ্ট জটিলতার আশঙ্কায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রত্যেককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র: ইনকিলাব
