রামেকে প্রথমবারের মতো সংকটাপন্ন রোগীর এনজিওপ্লাস্টি সম্পন্ন

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে প্রথমবারের মতো হার্ট অ্যাটাকের পর কার্ডিওজেনিক শকে আক্রান্ত এক মুমূর্ষু রোগীর সফল প্রাইমারি পিসিআই (জরুরি এনজিওপ্লাস্টি) সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন। চিকিৎসা নেওয়ার সময় রোগীর রক্তচাপ ছিল মাত্র ৬০/৪০ মিমি পারদ। সফল চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীর নাম কাজল (৫৫)। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। ধূমপান ও উচ্চ রক্তচাপ ছিল তার হৃদরোগের ঝুঁকির কারণ। হাসপাতালে আসার প্রায় এক ঘণ্টা আগে হঠাৎ তীব্র বুকব্যথা শুরু হয় তার। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার অ্যাকিউট ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা তীব্র হার্ট অ্যাটাক শনাক্ত হয়। এসময় তিনি কার্ডিওজেনিক শকে আক্রান্ত ছিলেন। রক্তচাপ বিপজ্জনকভাবে কমে ৬০/৪০ মিমি পারদে নেমে আসে। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা না পেলে তার জীবনহানির আশঙ্কা ছিল।

এ অবস্থায় রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা কালক্ষেপণ না করে তাকে সরাসরি ক্যাথল্যাবে নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে ডা. রেজাউল ইসলাম, ডা. আব্দুল মালেক, ডা. সাইফুল, ডা. রাশেদসহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল জরুরি ভিত্তিতে প্রাইমারি পিসিআই সম্পন্ন করেন। এ প্রক্রিয়ায় বন্ধ হয়ে যাওয়া রক্তনালিতে রক্ত চলাচল স্বাভাবিক করতে এনজিওপ্লাস্টির মাধ্যমে রিং (স্টেন্ট) স্থাপন করা হয়।

চিকিৎসকদের দেওয়া তথ্যমতে, সফল প্রাইমারি পিসিআইয়ের পর রোগীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তার রক্তচাপ বেড়ে বর্তমানে ১২৫/৮০ মিমি পারদে পৌঁছেছে। পাশাপাশি তিনি বুকব্যথামুক্ত রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট