আরও এক শিক্ষার্থীর মামলা যৌন নিপীড়ন মামলায় সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে
স্টাফ রিপোর্টার
এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহীর রিপোর্টার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজার ও খন্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ মামলা জামিন নিতে আদালতে হাজির হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
এদিকে সাংবাদিক গোলাম রাব্বানীর বিরুদ্ধে আরও এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ এপ্রিল বরেন্দ্র ইউনিভারসিটির এক শিক্ষার্থী বাদি হয়ে নারি ও শিশু নির্যাতন দমন আদালত-১ এ মামলাটি দায়ের করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, এক নারীর যৌন নিপীড়ন মামলায় (চন্দ্রিমা থানা- জিআর-২০/২০২৬, ১৬৫৬০/২৬) গোলাম রাব্বানী গত ২০ এপ্রিল রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। শুনানী শেষে বিজ্ঞ আদালতের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শারমিন আকতার গোলাম রাব্বানীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে বিকেলে গোলাম রাব্বানীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ, গত ৩ মার্চ এক নারী যৌন নিপীড়নের দায়ে গোলাম রাব্বানীকে আসামী করে চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০২ (সংশোধিত-৩) এর ১০ ধারায় একটি মামলা (মামলা নং- ০৩, তাং- ৩ মার্চ ২০২৬) দায়ের করে। পরবর্তীতে গোলাম রাব্বানী হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য জামিন পান। স্থায়ী জামিনের জন্য গত ২০ এপ্রিল তিনি রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
