ইকোনমিস্টের রিপোর্ট বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার        

বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। এর পেছনে আংশিক দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের স্বৈরাচারী শাসনামলে ব্যাংক লুটপাট। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা ১৫ বছর দেশ শাসন করেন তিনি। দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের বোঝা জমেছে। এর বড় একটি অংশ আর কখনোই আদায় হবে না। ব্যাংক পরিচালনা এবং সেখান থেকে ঋণ নেয়া দুই ক্ষেত্রেই জড়িত প্রভাবশালী অলিগার্কদের কেউ কারাগারে গেছেন, কেউবা পালিয়ে গেছেন। এর ফলে এখন ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই খেলাপি ঋণ বা এনপিএল। বিপরীতে ভারতে এই হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। এর পরিণতিতে পুরো খাতটিই কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে। ব্যাংকের নিট সম্পদের পরিমাপক হিসেবে বিবেচিত ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত এখন ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডনের বিখ্যাত দ্য ইকোনমিস্ট।

ঢাকার একটি ক্যাফের মালিক একান্ত এক বছর ধরে ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না। তিনি বলেন, ‘প্রতিবার ব্যাংকের শাখায় গেলে কোনো উত্তর পাওয়া যায়নি।’ তাকে শুধু বলা হয়েছে, ব্যাংকে ‘তারল্য সংকট’ রয়েছে। তবে এমন সমস্যায় তিনি একা নন। অর্ধডজন ব্যাংকের আমানতকারীরা অভিযোগ করেছেন, সন্তানদের বিয়ে কিংবা মা-বাবার দাফন-কাফনের জন্য যে অর্থ তারা জমিয়ে রেখেছিলেন, তা তুলতে পারছেন না।

এ পরিস্থিতি বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশের ‘বাংলাদেশ প্যারাডক্স’ বা ‘বাংলাদেশের বৈপরীত্য’-এর একটি নেতিবাচক পরিণতির আশঙ্কা তৈরি করেছে। ১৮ কোটি মানুষের এই দেশে অর্থনৈতিক সাফল্য ছিল চমৎকার, অথচ রাজনৈতিক পরিস্থিতি ছিল ভয়াবহ। ১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশটিকে ‘বাস্কেট কেস’ বা চরম দুর্দশাগ্রস্ত দেশ হিসেবে বর্ণনা করেছিলেন। দরিদ্র, বন্যাপ্রবণ এবং শরণার্থী ছাড়া বিশ্বের অন্য কোথাও রপ্তানি করার মতো তেমন কিছু নেই- এমন একটি দেশ ছিল বাংলাদেশ। অথচ দেশটি উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর সাফল্যের গল্প হয়ে ওঠে। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে, দারিদ্র্য কমায় এবং জনস্বাস্থ্যের দুরবস্থা ও শিক্ষার নিম্নমানের মতো সমস্যার উন্নতি ঘটায়। দুর্বল শাসনব্যবস্থা ও প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও বাংলাদেশ এসব অর্জন করেছিল। দেশটি ত্রুটিপূর্ণ গণতন্ত্র ও সামরিক অভ্যুত্থানের মধ্যে বারবার দোদুল্যমান থেকেছে।

নবনির্বাচিত সরকার নিজেদের কর্তৃত্ব সুসংহত করতে হিমশিম খাচ্ছে। শেখ হাসিনার আওয়ামী লীগের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেব্রুয়ারির নির্বাচনের পর একটি টেকনোক্র্যাট অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হয়েছে। এখন ব্যাংকিং খাতের সংকট এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সফল রপ্তানি শিল্প তৈরি পোশাক খাতে ধর্মঘট- দুই দিক থেকেই অর্থনৈতিক চাপের মুখে পড়েছে বিএনপি সরকার। একই সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখতেও হিমশিম খাচ্ছে তারা। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানানোর পর রাজধানীতে ৫০টির বেশি হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটেছে। সরকারের দাবি, এসব ঘটনার পেছনে আওয়ামী লীগ রয়েছে। শেখ হাসিনা সম্ভবত ‘ব্লাফ’ করছেন বা ফাঁকা হুমকি দিচ্ছেন। রক্তক্ষয়ী দমনপীড়নে ভূমিকার জন্য তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তবে তিনি সত্যিই দেশে ফিরলে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারেন।বাংলাদেশ ভ্রমণ

বাংলাদেশের অর্থনীতি ও দেশটির উত্তপ্ত রাজনীতির সংযোগস্থল হচ্ছে ব্যাংক। অন্তর্বর্তী সরকারের জন্য শেখ হাসিনার শাসনামলে লুটপাট নিয়ে একটি প্রতিবেদন লিখেছিলেন সুপরিচিত অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘ব্যাংক লুটপাটের মাধ্যমে অর্থ আত্মসাতের যে উত্তরাধিকার আমরা পেয়েছি, সেটিই এখন আমাদের মোকাবিলা করতে হচ্ছে।’ খেলাপি ঋণ মূলত দুই ধরনের ব্যাংকে কেন্দ্রীভূত: ইসলামি ব্যাংকগুলো, যেগুলো সুদের ওপর ধর্মীয় নিষেধাজ্ঞা মেনে চলে, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, যেগুলো অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের উভয় ধরনের ব্যাংকেই উচ্চপদে নিয়োগ দেয়া হয়। দেশের সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা তুলনামূলক ভালো।

উদাহরণ হিসেবে ইসলামী ব্যাংকের কথা বলা যায়। এটি দেশের অন্যতম বৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান। একসময় এর সঙ্গে ইসলামপন্থি বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে দলটি নিষিদ্ধ ছিল। পরে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ ওঠার পর এস আলম নামের একটি শিল্পগোষ্ঠী জোরপূর্বক ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। যদিও এস আলম এই অভিযোগ অস্বীকার করেছে। এস আলমের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার মিত্র। পরবর্তী সময়ে ব্যাংকটির প্রায় অর্ধেক ঋণ দেয়া হয় এস আলমের বিভিন্ন কোম্পানিকে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদ জনসমক্ষে আসা বন্ধ করে দিয়েছেন। জামায়াতে ইসলামীর দাবি, ব্যাংকগুলোর বিরুদ্ধে আনা মূল অভিযোগগুলো ছিল সাজানো। আওয়ামী লীগের পছন্দের ঘনিষ্ঠ ব্যক্তিদের হাতে ব্যবসার নিয়ন্ত্রণ তুলে দিতেই এসব অভিযোগ আনা হয়েছে। তবে সাইফুল আলম মাসুদ কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

ইতিবাচক দিক হলো, খেলাপি ঋণের কিছু বৃদ্ধি ঘটেছে অধিকতর স্বচ্ছতার কারণে। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক ঋণগ্রহীতাদের বকেয়া ঋণের মূল অর্থের ২ শতাংশ পরিশোধের সুযোগ দেয়। এরপর তারা আরও এক বছর কোনো কিস্তি না দিয়ে ঋণ পরিশোধের সময়সীমা ১০ বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ পান। ২ শতাংশ অর্থ পরিশোধের পর ঋণগুলো আর খেলাপি হিসেবে গণ্য হতো না। ২০২০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে বলে, প্রকৃত খেলাপি ঋণের হার সরকারি হিসাবে দেখানো প্রায় ১০ শতাংশের দ্বিগুণ পর্যন্ত হতে পারে। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের আমলে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করা হয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ৯০ দিন বকেয়া থাকা ঋণকেও খেলাপি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এখন খেলাপি ঋণের অনুপাত দাঁড়িয়েছে ৩৩ শতাংশে।

তবে ব্যাংকিং সংকট উন্নয়নকে থামিয়ে দেয়ার ঝুঁকি তৈরি করেছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ২০২৫ সালে প্রায় ১০ শতাংশ থেকে কমে এ বছর ৪ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। গত ৩৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন। এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। শেখ হাসিনার পতনের আগে প্রবৃদ্ধির হার সাধারণত ৬ দশমিক ৫ শতাংশের মতো ছিল। যদিও অন্তর্বর্তী সরকার দাবি করে, ওই প্রবৃদ্ধির হার অতিরঞ্জিত ছিল। তবে প্রবৃদ্ধির এই মন্থরতার একমাত্র কারণ আর্থিক সংকট নয়। ইরান যুদ্ধের প্রথম কয়েক মাসে জ্বালানি সংকটের কারণে কারখানা বন্ধ হয়ে যায়। এখন ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশ্বব্যাংকের ধারণা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দারিদ্র্যের হার বাড়বে। এটি কয়েক দশক ধরে দারিদ্র্য কমার ধারার বিপরীত চিত্র। সূত্র: মানব জমিন

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট