সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের উদ্যোগ
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজিকে চিঠি দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ইন্টারপোলের বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করতেও বলা হয়েছে। প্রসিকিউশনের দাবি, আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে অবস্থান করছেন।
চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের মামলায় এটিই কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রথম উদ্যোগ। পর্যায়ক্রমে বিদেশে অবস্থানরত মামলার অন্য পলাতক আসামিদেরও দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে। ২৭ জুলাই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ছাড়াও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎকালীন কয়েকজন শীর্ষ কর্মকর্তা আসামি রয়েছেন।
প্রসিকিউশনের তদন্তে ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকাসহ চার এলাকায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য উঠে এসেছে। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজনের মৃত্যুর তথ্য শনাক্ত করা হয়েছে। মামলাটিতে বর্তমানে কয়েকজন আসামি কারাগারে রয়েছেন। পলাতকদের মধ্যে শেখ হাসিনা, জেনারেল আজিজ আহমেদ ও বেনজীর আহমেদসহ অন্যদের গ্রেপ্তারে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে প্রসিকিউশন। ইন্টারপোলের রেড নোটিশ জারি হলে সংশ্লিষ্ট সদস্যদেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পলাতক ব্যক্তির অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া যেতে পারে; তবে রেড নোটিশ নিজে কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়। সূত্র: ইনকিলাব
