বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড়

বাঘা প্রতিনিধি

রাজশাহীর বাঘার হাট-বাজারগুলোতে উঠতে শুরু করেছে নতুন খেজুরের গুড়। শীত নামার আগেই বেশি দামের আশায়  কেউ আগাম গাছ কেটে রস সংগ্রহ করছেন। সেই রসের নতুন খেজুর গুড় উপজেলার বিভিন্ন বাজারে চলে এসেছে । গতকাল রোববার রেজমিনে উপজেলার বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি খেজুর পাটালি গুড় বিক্রি হচ্ছে ১১৫টাকা থেকে ১২৫ টাকা দরে।  দামের তারতম্য নিয়ে কথা বলে জানা গেছে, ভালো মানের গুঁড়টা ১২৫ টাকা কেজি। যে গুড়ে মিশ্রণ রয়েছে সেই গুড়ের দাম ১১৫ টাকা কেজি। এ বিষয়ে ক্রেতাদের সাথে কথা বললে তারা মিশ্র প্রতিক্রিয়া জানান। এক ক্রেতা বলেন, “শীত ছাড়া খেজুর গুড় হয় কিভাবে বুঝতে পারছি না। দামও অনেক বেশি চাচ্ছে। আসল নাকি ভেজাল সেই ভয়ে কিনতে সাহস পাচ্ছি না।”

আরেক ক্রেতা বলেন, “ছেলেমেয়ে বায়না ধরেছে তাই নিলাম। তবে খাঁটি গুড়ের যে ঘ্রাণ সেটা পাচ্ছি না। বিক্রেতা ও ব্যবসায়ীদের দাবি, এগুলো আগাম গাছ কেটে সংগৃহীত বসের গুড়। এক গুড় ব্যবসায়ী বলেন, ” একটু ঠান্ডা পড়েছে তাই রস নামা শুরু হয়েছে। আমরা খাঁটি গুড়ই বিক্রি করছি, কোনো ভেজাল নেই।”

আরেক ব্যবসায়ী বলেন, “আগাম গুড়ের চাহিদা বেশি, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে পাঠানোর জন্য। শীত বাড়লে তখন আরো গাছির গুড় পাওয়া যাবে।”

তবে খেজুর রস সংগ্রহকারী গাছিদের বক্তব্য ভিন্ন।

এক গাছি বলেন, ” এলাকায় এখনো রস নামেনি। গাছ কাটা-ছোলা চলছে। পুরোদমে রস পেতে আরও দুই এক সপ্তাহ সময় লাগবে। বাজারে এখন যে গুড়, তা চিনি আর রং মিশিয়ে বানানো হতে পারে।”

আরেক প্রবীণ গাছি বলেন, “আসল খেজুর গুড় শীতের তীব্রতা ছাড়া হয় না। জিরান কাটের প্রথম রস ছাড়া ভালো গুড় হয় না। এখনকার গুড়ে রসের পরিমাণ খুবই কম। এদিকে বাইরে বিক্রির জন্য পাঠানো ব্যবসায়ীরা বলছেন, আগাম লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল গুড় বাজারে ছাড়ছে।

দেশের বিভিন্ন শহরে গুড় সরবরাহ করেন এমন এক ব্যবসায়ী  বলেন, “আমরা খাঁটি গুড়ের জন্য আরও কিছুদিন অপেক্ষা করবো। এখন বাজারে যে গুড় দেখছি তার বেশিরভাগেই চিনি, হাইড্রোজ ও ফিটকিরি মেশানো থাকে। প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।”

আড়ৎদার সেকেন্দার আলী বলেন, বর্তমান সময়ে যে রস নামানো হচ্ছে তাতে চিনি অথবা আখের দানাদার গুড়ের মিশ্রণ ছাড়া গুড় তৈরি করা অসম্ভব। তার ভাষ্য, পৌষ -মাঘ মাস শীতকাল ধরা হলেও অগ্ৰায়ন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত ৪মাস খেজুর রস নামিয়ে গুড় তৈরির কর্মযজ্ঞ শুরু হয়। তবে বেশি রস ও গুড় উৎপাদন হয় পৌষ -মাঘ মাসে।

উপজেলার বলিহার গ্ৰামের সোমেন মন্ডল জানান ,২০ নভেম্বর থেকে ভেজাল মুক্ত গুড় বাজারজাত করবেন।

উপজেলা উদ্যোক্তা ফোরামের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, উদ্যোক্তাদের মধ্যে যারা অনলাইন ভিত্তিক বিশেষ করে খাদ্য পন্যের ব্যবসা করেন,তারা  খেজুর গুড়ের গুণগত মান বজায় রেখে পন্যে সরবরাহ করবেন।

আম্বাড়ি ডেলিভারি এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম দাবি করেছেন, নিজের গাছের সংগৃহীত রসের তৈরি  নির্ভেজাল গুড় সরবরাহ করেন। অগ্ৰায়ন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অনলাইন ভিত্তিক বেচা কেনা শুরু করবেন।

উপজেলা কৃষি অফিসার আব্দুল মান্নান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ সময়ে প্রাকৃতিকভাবে খেজুর রসের পরিমাণ কম থাকে। ক্রেতাদের দেখে শুনে গুড় কেনার পরামর্শ দেন তিনি।

এদিকে ভেজাল বিরোধী অভিযানে গত দুই মাসে আখের গুড় তৈরির ৫টি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড় সহ গুড় তৈরিতে ব্যবহৃত চিনির বস্তা,রঙ, আটা,ফিটকিরি, চুনসহ বিভিন্ন উপকরণ ও নিষিদ্ধ কেমিক্যালসহ ভেজাল গুড় বিনষ্ট এবং অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন,তার উপজেলায় নকল ও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নির্ভেজাল গুড় তৈরি ও সরবরাহের জন্য গাছি ও ব্যবসায়ীদের উৎসাহিত করছি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট