রাবির ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত, ফেব্রুয়ারিতে তিন ইউনিটের পরীক্ষা
রাবি সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারিতে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। উপাচার্য জানান, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদনের বিষয়ে তিনি বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে আবেদন শুরু হবে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ে উপাচার্য বলেন, যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আবেদন সাপেক্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য নতুন করে পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে।
ভর্তির যোগ্যতা শিথিলের বিষয়ে তিনি জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদন কারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ওএইচএস সি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। সূত্র: ইনকিলাব
