পুঠিয়ায় অটোর দাপট, আবাসি মিটারে চার্জিংয়ের অভিযোগ

পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় দিন দিন বাড়ছে ব্যাটারিচালিত অটো ও অটোরিকশার সংখ্যা। এসব যানবাহনের অবাধ চলাচলে বিভিন্ন সড়ক ও বাজারে যানজট বাড়ার পাশাপাশি বিদ্যুতের ওপরও চাপ বাড়ছে। একই সঙ্গে আবাসিক মিটার ব্যবহার করে বাণিজ্যিকভাবে অটো চার্জ দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাসাবাড়ি, দোকান ও গ্যারেজে একসঙ্গে একাধিক অটোর ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রেই বাণিজ্যিক সংযোগের পরিবর্তে আবাসিক মিটার ব্যবহার করা হচ্ছে। কোথাও অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। পুঠিয়ার বানেশ্বরসহ বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকে রাত পর্যন্ত বিপুলসংখ্যক অটো চলাচল করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, উপজেলায় মোট কতটি অটো চলাচল করে এবং কতটি বৈধভাবে নিবন্ধিত, পাশাপাশি কতটি চার্জিং পয়েন্ট রয়েছে তা নিয়ে জরিপ করা প্রয়োজন।

এদিকে পুঠিয়ায় লোডশেডিং ও লো-ভোল্টেজ নিয়েও ভোগান্তির অভিযোগ রয়েছে। তবে অটো চার্জিংয়ের কারণে লোডশেডিং হচ্ছে কি না, তা নিশ্চিত করতে কারিগরি তথ্য প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পুঠিয়া জোনের ডিজিএম আহসানুল করিম বলেন, পুঠিয়ায় চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় লোডশেডিং হচ্ছে। আর আবাসিক মিটারে অবৈধভাবে অটোরিকশা চার্জ দেওয়ার বিষয়টি তারা জানেন। অভিযোগ পেলে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট