সম্পাদকীয়

সরকারের নিজস্ব প্রকল্পের কাজ কেন ধীর গতিতে হবে?

দেশের ভঙুর অর্থনীতিকে সরকার দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা নিয়েছে। এর সুফল পেতে আরও সময় লাগবে। চলতি অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার করতে চার বছর সময় লাগবে। অর্থাৎ অর্থনীতিকে মোটামুটি একটি স্বস্তিদায়ক অবস্থায় আনতে সরকারের মেয়াদ শেষের দিকে চলে যাবে। তবে এই সময়ের মধ্যে সরকারের নেয়া অর্থনৈতিক পরিকল্পনা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জোর প্রচেষ্টা থাকা বাঞ্চনীয়। গতকাল দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার নিয়ে চিন্তিত সরকার। চলতি অর্থবছরের ইতোমধ্যে ৪ মাস অতিবাহিত হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত প্রকল্প পাস করলেও যাচাই-বাছাই, পরিকল্পনা মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যর্থতা ও দীর্ঘসূত্রতায় উন্নয়ন কর্মকা-ে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে নতুন ও চলমান প্রকল্পগুলোর উপযোগিতা ও আর্থিক লাভ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের দীর্ঘমেয়াদি যাচাই-বাছাই প্রক্রিয়ার কারণে দরপত্র আহ্বান ও অর্থ ছাড়ে নজিরবিহীন বিলম্ব ঘটছে। এমনকি সরকারি ছোট-বড় অবকাঠামো, যেমন-রাস্তা-ঘাট, সেতু, বিদ্যালয় বা হাসপাতাল নির্মাণ প্রকল্পগুলো থমকে থাকায় নির্মাণসামগ্রী, পরিবহন ও শ্রমিকের চাহিদা তলানিতে নেমেছে। ফলে বাজারে মুদ্রা সরবরাহ ব্যাহত হচ্ছে, যা গ্রামীণ ও স্থানীয় অর্থনীতিকে চরম মন্দার দিকে ঠেলে দিচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার নেমে এসেছে মাত্র ৩ দশমিক ৮৯ শতাংশে, যা বাংলাদেশের এডিপি বাস্তবায়নের ইতিহাসে সর্বনিম্ন। দেশের ইতিহাসে এর আগে কখনোই তিন মাসে এডিপি বান্তবায়নের হার এত কম হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রকল্প দ্রুত পাসের তাগিদ বা নির্দেশনা থাকলেও মন্ত্রণালয়, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর ধীরগতি ও তদারকির অভাবে এই স্থবিরতা তৈরি হয়েছে। এডিপি বাস্তবায়নে এই ধীরগতি অত্যন্ত দুঃখজনক এবং অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের যে মিশন এবং ভিশন, তা লক্ষ্যে পৌঁছা কঠিন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভঙুর অর্থনীতিকে পুনরুদ্ধার এবং সুশাসন নিশ্চিত করতে দিন-রাত পরিশ্রম করলেও মন্ত্রী পরিষদের অনেকে যে তাঁর সাথে তাল মেলাতে পারছেন না, তা স্পষ্ট হয়ে উঠেছে। তা নাহলে, সরকারের নেয়া নিজস্ব প্রকল্পের কাজে ধীরগতি হবে কেন? সংশ্লিষ্ট মন্ত্রী-এমপি, আমলারা কী করছেন? তারা কি এখনো সরকারের ‘হানিমুন পিরিয়ডে’ রয়ে গেছেন, এমন প্রশ্ন এখন পর্যবেক্ষকরা করছেন। ভুলুণ্ঠিত অর্থনীতিকে দাঁড় করাতে তাদের যেখানে দিনরাত পরিশ্রম করা দরকার, কর্মসংস্থান ও অর্থপ্রবাহ বৃদ্ধিতে এডিপি বাস্তবায়ন দ্রুতায়িত করা জরুরি, সেখানে তারা কেন শৈথিল্য প্রদর্শন করছেন? এডিপি বাস্তবায়নের হার কেন সর্বনিম্ন অবস্থানে থাকবে? প্রকল্পগুলো দ্রুত শুরু করলে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং অর্থনীতিতে একধরনের প্রাণচাঞ্চল্য তৈরি হবে। বেসরকারিখাতেও এর প্রভাব পড়বে। দেশি-বিদেশি বিনিয়োগের বন্ধ্যাত্ব ঘুচবে। প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও এডিপি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রী-আমলারা কেন ‘গো স্লো’ নীতিতে চলবেন? আমরা মনে করি, দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করতে সরকারের নিজস্ব প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট