কর্মক্ষম জনগোষ্ঠীর সম্ভাবনা, প্রয়োজনীয় পদক্ষেপ নিন
বাংলাদেশ জনবহুল দেশ। কর্মক্ষম মানুষই এ দেশের মূল চালিকাশক্তি। কিন্তু বাস্তবতা হলো, দেশে কর্মক্ষম মানুষের যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। আবার এটিও ঠিক, এই সম্ভাবনা চিরস্থায়ী নয়। আগামী দিনে আনুপাতিক হারে প্রবীণের সংখ্যা বেড়ে গেলে এই সম্ভাবনাও অনেকটা কমে আসবে। এ কারণে একটি দেশকে অগ্রসর হতে হলে সঠিক সময়ে সম্ভাবনা কাজে লাগাতে হবে। বিশ্বব্যাংকের ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া : ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন চিত্র উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশে এখনো কর্মক্ষম মানুষের অনুপাত তুলনামূলক বেশি। এই বিষয়টি বাংলাদেশের অর্থনীতির সামনে বড় সম্ভাবনা। জানা যায়, ২০৪৫ সালে বাংলাদেশে কর্মক্ষম জনসংখ্যার অনুপাত সর্বোচ্চ হবে। এরপর কর্মক্ষম জনগোষ্ঠীর হার কমতে শুরু করবে, অন্যদিকে বাড়বে প্রবীণ মানুষের সংখ্যা। দেখা যাচ্ছে, জনমিতির এই সুবিধা কাজে লাগাতে বাংলাদেশের হাতে সময় আছে মাত্র দুই দশক। বিশ্বব্যাংক জানিয়েছে, বাংলাদেশ এখনো অনুকূল জনসংখ্যাবিন্যাসকে কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পুরোপুরি কাজে লাগাতে পারেনি। পরিসংখ্যান বলছে, দেশের মোট শ্রমশক্তির প্রায় ৮৪ শতাংশ বা আনুমানিক পাঁচ কোটি ৮০ লাখ মানুষ অনানুষ্ঠানিক খাতে কর্মরত। সবচেয়ে উদ্বেগের দিক হলো, উচ্চশিক্ষার সনদ নিয়েও অনেকে অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছেন—এই সংখ্যা ৬০ শতাংশের বেশি। তাদের আয়ও আনুষ্ঠানিক খাতের কর্মীদের তুলনায় প্রায় ৪৫ থেকে ৮৪ শতাংশ কম। এই পরিস্থিতির পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান তৈরিতে ধীরগতি, আবার অনেক প্রতিষ্ঠান শ্রমিক সংখ্যা কমিয়ে আনছে। ফলে চাহিদা অনুযায়ী কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এ ছাড়া দেশের শ্রম খাতে এখনো নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম। এ কারণেও উল্লেখযোগ্য কর্মক্ষমতা পুরোপুরি কাজে আসছে না। জানা গেছে, ২০২৭ সালে বাংলাদেশে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের অনুপাত ৭ শতাংশে পৌঁছাবে। এর মধ্য দিয়ে দেশ প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির পর্যায়ে প্রবেশ করবে। ২০৫১ সালেই এই হার দ্বিগুণ হয়ে ১৪ শতাংশে দাঁড়াবে। সেই সময় বাংলাদেশ বয়স্ক জনগোষ্ঠীনির্ভর দেশে পরিণত হবে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রবীণপ্রধান দেশে পরিণত হতে সময় লেগেছে ৭২ বছর, আর ফ্রান্সের লেগেছে ১২৬ বছর। অথচ বাংলাদেশের লাগছে মাত্র ২৪ বছর। বিশ্বব্যাংক বলছে, কর্মক্ষম জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে যুক্ত করতে ব্যর্থ হলে একদিকে বাড়বে বেকারত্ব ও অনানুষ্ঠানিক কর্মসংস্থান, অন্যদিকে বাড়বে প্রবীণদের স্বাস্থ্য, পেনশন ও সামাজিক সুরক্ষার ব্যয়। তখন কম আয়ের অবস্থায় থেকেই বার্ধক্যজনিত অর্থনৈতিক চাপ সামলাতে হবে বাংলাদেশকে। বিশ্বব্যাংকের বাংলাদেশ-ভুটান অঞ্চলের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে বলেন, ‘বাংলাদেশের ডেমোগ্রাফিক সুযোগ নির্ভর করছে দেশটি এখন কী ধরনের কার্যক্রম নিচ্ছে তার ওপর। প্রতিষ্ঠানগুলোকে ভালো মানের কর্মসংস্থান তৈরিতে সহায়তা করা, তরুণদের বাজার উপযোগী দক্ষতায় রূপান্তর এবং নারীদের কর্মক্ষেত্রে আসার পথের বাধাগুলো দূর করা প্রয়োজন।’ আমাদের দেশে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি সমস্যাও অনেক। অর্থনীতিতে কাঙ্ক্ষিত গতি না আসায় সংকট বাড়ছে। কর্মক্ষম মানুষকে উৎপাদনশীল কাজে যুক্ত করতে হলে অর্থনীতিতে গতি আনার বিকল্প নেই। কর্মসংস্থান তৈরিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নারীরা যেন ঘরে-বাইরে সব বাধা অতিক্রম করে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা আশা করব, প্রবীণ মানুষের ভাড়ে ন্যুব্জ হওয়ার আগে বাংলাদেশের হাতে যে দুই দশক সময় রয়েছে, তা কাজে লাগাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
