সার যেন প্রকৃত কৃষকের কাছে পৌঁছায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে: কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সরকারের ভর্তুকি দেওয়া সার যেন প্রকৃত কৃষকের কাছে পৌঁছায় এবং কোনোভাবেই দেশের বাইরে পাচার বা অপচয় না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকো পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের সার যেন আমাদের কৃষকেরা ব্যবহার করেন। কোনো দুষ্টু লোক যেন এই সার অপচয় করতে বা দেশের বাইরে পাচার করতে না পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

মন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশে নির্দিষ্ট কিছু সারের দাম বেশি হওয়ায় সীমান্তবর্তী এলাকাগুলোতে সারের সংকটের আশঙ্কা ও পাচারের ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অনুরোধ জানানো হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, দেশে বছরে ২৫ থেকে ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে এবং এর সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক। তবে অতিরিক্ত ভর্তুকিযুক্ত দু-এক ধরনের সারের চাহিদা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় কিছু জায়গায় সাময়িক সংকট তৈরি হয়েছিল। রাজশাহী অঞ্চলের কৃষির অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, একসময় আম উৎপাদনের জন্য পরিচিত বরেন্দ্র অঞ্চল এখন সেচব্যবস্থার সম্প্রসারণের ফলে ধান ও সবজি উৎপাদনেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

এছাড়া আদার আমদানিনির্ভরতা কমাতে আমবাগানের ফাঁকা জায়গায় আদা চাষের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের আমবাগানগুলোর ফাঁকা জায়গায় বা বস্তায় আদা চাষের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। দেশে বছরে প্রায় দেড় লাখ টন আদা আমদানি করতে হয়। অব্যবহৃত এসব জমিতে আদা উৎপাদন সম্ভব হলে কৃষকের অতিরিক্ত আয়ের পাশাপাশি দেশের আমদানি চাপ কমবে।

এর আগে সকালে মন্ত্রী রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর ইউনিয়নের কসবা এলাকায় কৃষক মোহাম্মদ নাজমুল করিম সুজনের লিচুবাগানে বস্তায় পরিচালিত আদা চাষের প্রযুক্তি (প্রায় ৭০০ বস্তা) সরেজমিনে পরিদর্শন করেন এবং খোঁজখবর নেন। পরিদর্শনকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান, রাজশাহীর উপপরিচালক মো. মোস্তফা কামাল প্রমুখ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট