রাজশাহীতে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন
স্টাফ রিপোর্টার
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ১ নভেম্বর ২০২৬ বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহীর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (সদর) এবং অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং রাজশাহী চেম্বার অব কমার্সের সহসভাপতি আলহাজ জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শরীফুল ইসলাম। আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানের অংশ হিসেবে যোগ্য যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এর মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।আয়োজকরা মনে করেন, দক্ষতা অর্জন, উদ্ভাবনী উদ্যোগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে যুবসমাজ দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
