রাজশাহী কলেজে এইচএসসিতে পাসের হার ৯৯.৫৫%,  জিপিএ-৫ পেয়েছেন ৩৫০ জন

 স্টাফ রিপোর্টার

এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে সাফল্য ধরে রেখেছে রাজশাহী কলেজ। এ বছর কলেজ থেকে ৪৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৩৯ জন। ফলে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৫৫ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ অর্জন করেছেন মোট ৩৫০ জন শিক্ষার্থী। শনিবার ৩১ অক্টোবর সকাল ১১টায় এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান ও মানবিক বিভাগে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।বিজ্ঞান বিভাগ থেকে ২৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছেন। তাঁদের মধ্যে ২৪১ জন জিপিএ-৫ এবং ১৯ জন ‘এ’ গ্রেড পেয়েছেন। মানবিক বিভাগের ৯৬ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৬৫ জন এবং ‘এ’ গ্রেড পেয়েছেন ৩১ জন। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৩ জন। এ বিভাগে পাসের হার ৯৭.৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৪ জন, ‘এ’ গ্রেড ৩৬ জন এবং ‘এ-’ গ্রেড পেয়েছেন ৩ জন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ২ জন। ফলাফল প্রকাশের পর কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে কলেজের অধ্যক্ষ বলেন, শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের মনোযোগ এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও উচ্চশিক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে রাজশাহী কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট