বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাগমারা:

রাজশাহীর বাগমারায় এক ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বাগমারা উপজেলা গ্রাম পুলিশের আয়োজনে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে বাগমারা থানার মোড়ে মাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে একই ইউনিয়নের মেছের আলী নামে এক গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও অভিযুক্ত চেয়ারম্যানের অব্যাহতির দাবিতে মানববন্ধন করা হয়। মানববন্ধনে মেছের আলী বলেন, ‘২৭ বছর ধরে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করছি। কোন চেয়ারম্যান তার সাথে খারাপ আচারণ করেনি। কিন্ত একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে লাঞ্চিত ও গায়ে হাত দেওয়ায় আমি লজ্জিত।

বিনা কারণে এমন ঘটনায় ওই চেয়ারম্যানের শাস্তি দাবি করছি।’ স্থানীয় গ্রাম পুলিশের মধ্যে বক্তব্য দেন, গ্রাম পুলিশ সদস্য, আসাদুজ্জামান, জালাল উদ্দিন, আব্দুর রহিম, জামাল উদ্দিন প্রমুখ। বক্তার বলেন, গত এক মাস আগে গ্রাম পুলিশ সদস্য মেছের আলীকে চেয়ারম্যান আশরাফুল ইসলাম মারপিট করে। স্থানীয় ভাবে তার মিমাংসার কথা জানানো হলেও আজও তার কোন ব্যবস্থা হয়নি। আমাদের একজন সদস্যকে মারপিটের ঘটনায় আমরা নিন্দা জানায়। কোন কারণ ছাড়া বিনা দোষে ওই চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহারে অপসারনসহ তার শাস্তির দাবি করা হয়। এ বিষয়টি বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানেন। এবং একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেয়া আছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষকে ডাকা হয়েছে। তাদের উভয়ের কথা শুনে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট