আরএমপিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত হবেন রাজশাহীবাসী: ভূমিমন্ত্রী মিনু
স্টাফ রিপোর্টার
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে। রাজশাহীর মানুষ উচ্ছ্বসিত হবেন। এই সফর হিন্দু ধর্মালম্বীদের জন্য আরও বড় পাওয়া। কারণ তিনি দূর্গাপুজার মধ্যে রিাজশাহীতে আসছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এর সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, এর আগে কোনো সরকার প্রধানই পূজোর মধ্যে রাজশাহীতে আসেননি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। তিনি রাজশাহীর মানুষকে অত্যন্ত ভালোবাসেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াও রাজশাহীকে খুব ভালোবাসতেন। এজন্য তিনি রাজশাহীতে বার বার এসেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও এই রাজশাহী ও রাজশাহীর মানুষকে অত্যন্ত ভালোবাসেন।
তিনি আরও বলেন, এই সফর সুশৃঙ্খল ও সুন্দর যাতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপত্তা ও শৃঙ্খলায় যাতে কোনো ক্রুটি না থাকে সেইভাবে সবাইকে কাজ করতে হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন যাতে হয় সে বিষয়ে দিকনির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট ও রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদসহ আরএমপি ও রাজশাহী রেঞ্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
