নগরীর পূজা মন্ডপগুলোতে ভূমিমন্ত্রী মিনুর আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময়
স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজশাহী ধর্মসভায় আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এ মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন। প্রত্যেকটি মন্ডপে ২০ হাজার টাকা করে দেওয়া হয়। মহানগরীর মোট ৮৫টি মন্ডপে এ অনুদান প্রদান করা হয়। পূজা মন্ডপের প্রতিনিধির হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তার জন্য বর্তমান সরকার সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি উল্লেখ করেন যে, রাজশাহীর ইতিহাস বরাবরই সাম্প্রদায়িক সৌহার্দ্যের ইতিহাস। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। পূজার দিনে যাতে কোনো সামাজিক বৈষম্য না ঘটে এবং কোনো অসচ্ছল পরিবার আনন্দের অংশীদার হওয়া থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি।
“আমাদের প্রিয় শহর রাজশাহীতে কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আপনারাই আমাদের ঐতিহ্য ধরে রেখেছেন। সরকারের পক্ষ থেকে অনুদান ও সরকারি প্রয়োজনীয় বরাদ্দ যথাসময়ে পৌঁছানো সুনিশ্চিত করা হয়েছে।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও ধর্মসভার অন্যান্য নের্তৃবৃন্দ এবং পূজামণ্ডপ কমিটির প্রতিনিধি।
