দুর্গাপুরে সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর থানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। গত বৃহস্পতিবার গভীর রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর অভিযানিক দল দুর্গাপুর থানার জঙ্গলপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়ক, দুর্গাপুর বাজারের ব্রিজ এবং পানানগর ইউনিয়নের রমপুর গ্রামের তেঁতুলতলা বাজার এলাকায় অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দুর্গাপুর উপজেলার আমগাছিহাট এলাকার মুনছুর রহমানের ছেলে মো. আরিফ আলী (৩৫), ঝালুকা এলাকার সাইদুলের ছেলে মো. সম্রাট (২৬) এবং রমপুর গ্রামের মো. আকছেদ আলীর ছেলে মো. হক সাহেব (২৮)।
এসআরবি-৫ জানায়, রাত ৩টা ১৫ মিনিটের দিকে জঙ্গলপাড়া জামে মসজিদের সামনে থেকে আরিফ আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। একই রাতে রাত ২টা ৫ মিনিটে দুর্গাপুর বাজারের ব্রিজ থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। তিনিও তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়া রাত ১টা ৩০ মিনিটে রমপুর তেঁতুলতলা বাজার থেকে হক সাহেবকে গ্রেপ্তার করা হয়। তিনি ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তার তিনজনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।
