বাঘায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে নৈরাজ্য
বাঘা প্রতিনিধি
সরকার এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিলেও বাঘা বাজারে সেই দামে মিলছে না। কোম্পানি ভেদে ও দোকান ভেদে ১৮০০ থেকে ১৯৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। কোথাও সরবরাহ সংকটও রয়েছে। গতকাল বৃহস্পতিবার বাঘা বাজার ও বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা যায়, একই কোম্পানির গ্যাস একেক দোকানে একেক দামে বিক্রি হচ্ছে। বাঘা বাজারের খুচরা ব্যবসায়ী বকুল এআই কোম্পানির সিলিন্ডার বিক্রি করছেন ১৮৫০ টাকায়, একই কোম্পানির গ্যাস বাসস্ট্যান্ড এলাকায় রতনের দোকানে ১৮২০ টাকা। তারা ওমেরা কোম্পানির গ্যাস বিক্রি করছেন ১৯০০ টাকায়।
বাসস্ট্যান্ড থেকে আধা কিলোমিটারের মধ্যে রতন ,সেনা গ্যাস বিক্রি করছেন ১৮০০ টাকায়, আর লুৎফর বিক্রি করছেন ১৯৫০ টাকায়। বাজুবাঘা গ্রামের রোজিনা তার বাড়ি সংলগ্ন দোকানে সেনা ও ওমেরা কোম্পানির গ্যাস বিক্রি করছেন ১৮০০ টাকায়।
বাঘা বাজারের ব্যবসায়ী কিরণ জানান, সব কোম্পানির গ্যাসের সাপ্লাই কম। বসুন্ধরা কোম্পানির সরবরাহ একেবারে কম। তিনি সেনা গ্যাস ১৮০০ টাকায় কিনে ১৮৫০ টাকায় বিক্রি করছেন বলে জানান।
ব্যবসায়ীরা জানান, দেড় মাস আগেও এসব সিলিন্ডার ১৫৫০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হয়েছে। বাজুবাঘার ভোক্তা আব্দুল হালিম বলেন, কম সরবরাহের অজুহাতে বেশি দাম নেওয়া হচ্ছে, আবার ওজনেও কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
