নগরীতে অনুমোদনবিহীন  অলিভ অয়েল ও ব্রেড জব্দ

স্টাফ রিপোর্টার

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করে অনুমোদনবিহীন অলিভ অয়েল ও ব্রেড জব্দ করা হয়েছে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান ও কাঁচাবাজারের ওজনযন্ত্র যাচাই করে পরিমাপে সঠিক থাকায় কয়েকটি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেকের নেতৃত্বে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় অফিস, রাজশাহীর সমন্বয়ে এ সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে শালবাগানের মেসার্স আলম ফিলিং স্টেশনের অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপ যাচাই করা হয়। পরিমাপে সঠিক থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়। এ ছাড়া বিজিবি গেইট এলাকার কনক কনফেকশনারিতে বিভিন্ন পণ্য যাচাই করে অনুমোদনবিহীন অলিভ অয়েল ও ব্রেড পাওয়া যায়। পরে এসব পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে পণ্যের সরবরাহকারীকে সাত কর্মদিবসের মধ্যে বিএসটিআই রাজশাহী কার্যালয়ে উপস্থিত হয়ে যথাযথ ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অনুমোদনবিহীন সব পণ্য বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নগরীর শালবাগান কাঁচাবাজারে মাছ, মাংস, ফলমূল ও সবজির দোকানে ব্যবহৃত বিভিন্ন ওজনযন্ত্রও যাচাই করা হয়।

সামারি ট্রায়াল কোর্ট শেষে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেক সাংবাদিকদের বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গুণগত মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীরা যাতে অসাধু ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন, সে লক্ষ্যে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সহকারী পরিচালক (মেট্রোলজি) আজিজুল হাকিমের নেতৃত্বে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট