চারঘাটে ফেয়ারডিলসহ একজন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। এ সময় তার কাছ থেকে একটি অটোরিকশা ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এসআরবি জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানার সারদা ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসআরবির কাছে খবর ছিল সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী ক্যাডেট কলেজগামী সারদার দিয়ে মাদক কারবারীরা আসছে। পরে ট্রাফিক মোড়ের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি যাত্রীবিহীন অটোরিকশা চেকপোস্টে এলে চালকের পায়ের কাছে থাকা প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হয়। পরে বস্তাটি তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আলাইপুর গ্রামের আবুল হাশেমের ছেলে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শরিফুলের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
