চাঁপাইনবাবগঞ্জে অবশেষে উদ্ধার শিশু নাফিজ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এরআগে মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নিঃসন্তান দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া শিশু নাফিজ হোসেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের রুবেল হোসেনের ছেলে। গ্রেপ্তার দুজন হলেন, একই গ্রামের মানিকুজ্জামান ও তার স্ত্রী সুজি আরা বেগম। মানিকুজ্জামান ও সুজি আরা দুজনেই দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, সোমবার দুপুরে নাফিজকে নিয়ে স্থানীয় একটি বাজারে যান তার চাচাতো বোন শিরিন খাতুন। এ সময় বোরকা পরা সুজি আরা বেগম শিশুটিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান। পরে নাফিজের বাবা শিবগঞ্জ থানায় এ ঘটনায় মামলা করেন।
মামলার পর পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে নাফিজকে উদ্ধার করা হয়। একই সময় সুজি আরা বেগম ও তার স্বামী মানিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, মানিকুজ্জামান ও সুজি আরা দম্পতি নিঃসন্তান। সন্তান লালন-পালনের আকাঙ্ক্ষা থেকেই তারা শিশুটিকে অপহরণ করেন বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। শিশুটিকে বিক্রি করা বা অন্য কোনো খারাপ উদ্দেশ্য তাদের ছিল না বলেও পুলিশ জানায়।
