রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা ট্যাপেন্টাডল-গাঁজাসহ গ্রেপ্তার ৮
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), থানা পুলিশ ও বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
নগর সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশ বোয়ালিয়া থানার মোন্নাফের মোড় এলাকায় অভিযান চালিয়ে কাটাখালী থানার বাখরাবাজ দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে উমর ফারুক (৪০)কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মাদক মামলা রয়েছে। বিকেল সোয়া ৪টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে চেকপোস্ট বসিয়ে দড়িখড়বোনা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন শিমুলকে (২৭) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে পাঁচটি ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত ঝড়ু শেখের ছেলে আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে চারটি ইয়াবা উদ্ধার করা হয়।
রাজপাড়া থানা পুলিশ পৃথক দুটি অভিযানে দুজনকে গ্রেপ্তার করে। রাত পৌনে ১০টার দিকে বসুয়া এলাকায় অভিযান চালিয়ে রাজিব ইসলামকে (২৯) ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এবং বিকেল সাড়ে ৩টার দিকে বাকীর মোড় এলাকা থেকে বাবুকে (৩৮) চারটি ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়। রাজিবের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মাদক ও রাজপাড়া থানায় একটি পেনাল কোডের মামলা রয়েছে। বাবুর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মাদক মামলা রয়েছে। এদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি চৌদ্দপাই আবহাওয়া অফিস মোড়ে চেকপোস্ট অভিযান চালিয়ে রফিকুল ইসলাম বেলালকে (৪৮) পাঁচটি ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি ও চন্দ্রিমা থানায় দুটি পেনাল কোডের মামলা রয়েছে। এ ছাড়া সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়ার খরবোনা নদীর বাঁধ এলাকায় অভিযান চালিয়ে রকি (২৮) ও মো. হোসেনকে (২৯) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা, আটটি ইয়াবা, ৩৫০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। রাত সোয়া ৮টার দিকে একই টিম কাশিয়াডাঙ্গার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল রেজা (৩২) ও আকিব হাসান তুর্যকে (২৫) গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ থানায় মামলা দেয়া হয়েছে।
