কেশরহাটে দেশীয় মদসহ আটক ১
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুরে ট্রাফিক পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২৫ বোতল দেশীয় চোলাই মদসহ বাচ্চু সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কেশরহাট বাজারের ট্রাফিক পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়। বাচ্চু সরদার পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত শক্তি সরদারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বাচ্চু সরদার শুক্রবার দুপুরে তানোরের দিক থেকে বাজাজ পালসার মোটরসাইকেলে করে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। কেশরহাট বাজারের ট্রাফিক চেকপোস্টে তাকে থামানো হয়। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে টিএসআই বাবলুর রশিদ উপস্থিত লোকজনের সামনে তার সঙ্গে থাকা বস্তায় তল্লাশি চালান। তল্লাশিতে বস্তার ভেতর থেকে ২৫ বোতল দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে বিষয়টি মোহনপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাচ্চু সরদারকে আটক করে থানায় নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
