নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। গতকাল সোমবার সকাল ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমীর ডা. মো. জাহাঙ্গীর।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. জাহাঙ্গীর বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সাধারণ মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংকট রয়েছে। এর ফলে শিল্প-কলকারখানা বন্ধ হচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি কঠিন পরিস্থিতির মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ বিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সেক্রেটারি আব্দুল হান্নানসহ মহানগরী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট