রাজশাহীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৬
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধারসহ নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাজশাহী মহানগরীর মতিহার, বোয়ালিয়া, শাহমখদুম, চন্দ্রিমা, তালাইমারী পুলিশ ফাঁড়ি ও বেলপুকুর থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
নগর পুলিশ জানায়, মতিহার থানা পুলিশ রাত পৌনে ৮টার দিকে সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কমেলা বেগমকে (৫২) ৩৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫৪৫ টাকাসহ গ্রেপ্তার করে। রাত পৌনে ১২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ রাজারহাতা এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ আলীকে (১৯) ২৯ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার দুই সহযোগী তৌহিদুল ইসলাম (৩৫) ও সোহাগ সরকার (৩২) পালিয়ে যায়। শাহমখদুম থানা পুলিশ রাত পৌনে ২টার দিকে পবা নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাসিম হোসেন (২৮), ইমান আলী (২৮), জাহাঙ্গীর আলম (২৫), রিক্তা আক্তার (২৩), সম্রাট (২৯), তাননিন হোসেন (২৩), সিহাব উদ্দীন (২২) ও গোলাম রাব্বীসহ (২২) আটজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী উত্তরপাড়া থেকে সোনিয়া আক্তারকে (২৮) ১৮ পিস ইয়াবাসহ এবং তালাইমারী পুলিশ ফাঁড়ি মেহেরচন্ডী পূর্বপাড়া থেকে মানিক মিয়াকে (২৫) ১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে। বেলপুকুর থানা পুলিশ বেলপুকুর রেলগেট এলাকা থেকে সইবুর আলী ওরফে সবুজকে (২৩) ৫পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানার খড়বোনা নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সজীব (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সজীব রাজশাহী জেলার পুঠিয়া থানার ধোপাপাড়া গ্রামের মৃত মিঠুর ছেলে। বর্তমানে তিনি বোয়ালিয়া থানার খড়বোনা নদীর ধার এলাকায় বসবাস করতেন।
এদিকে, গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকার রেললাইনের পার্শ্বে অভিযান চালিয়ে দাশপুকুর বউ বাজার গ্রামের সাজ্জাদের ছেলে শাকিল হোসেন (৩০) ও একই থানার বহরমপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মাহাবুব হোসেনকে (২৮) গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৫৪১০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
