পথ হারানো দুই স্কুলছাত্রীকে উদ্ধার করল বানেশ্বর ট্রাফিক পুলিশ

পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে পথ হারিয়ে কান্নাকাটি করা দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে বানেশ্বর ট্রাফিক পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল ড্রেস পরা দুই শিশু বানেশ্বর বাজার এলাকায় কান্নারত অবস্থায় ঘোরাফেরা করছিল। বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট টিপু তাদের কাছে যান। পরে শিশু দুটিকে বানেশ্বর ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান তিনি এবং ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুতালেবুর রহমানের কাছে হস্তান্তর করেন।

পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দুজনই পারিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। টিফিনের সময় স্কুল থেকে বের হয়ে একটি ভ্যানে করে বানেশ্বর বাজারে আসে। তবে এরপর কোথায় যাবে, তা তারা বলতে পারছিল না।

পরে শিশু দুটির দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ট্রাফিক পুলিশ। জানা যায়, তাদের বাড়ি রাজশাহীর পবা থানার তরফ পারিলা গ্রামে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শিশু দুটিকে নিরাপদে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এদিকে, পথ হারানো দুই শিশুকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ায় বানেশ্বর ট্রাফিক পুলিশের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। সাম্প্রতিক সময়ে শিশু হারিয়ে যাওয়ার বিভিন্ন ঘটনায় উদ্বেগের মধ্যে পুলিশের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় বলেও মন্তব্য করেছেন তারা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট