নগরীতে ইয়াবা ট্যাপেন্টাডল গাঁজাসহ ৬ জন মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনের সময় তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এসব অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, মোবাইল ফোন এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রাজপাড়া থানা পুলিশ জানায়, ২৭ আগস্ট রাত পৌনে ১১টার দিকে সিএন্ডবি মোড় এলাকায় অভিযান চালিয়ে মতিহার থানার কাজলা (ধরমপুর) গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে মো. বন্ধন ওরফে ফাহিম হোসেন ওরফে বন্ধন (২০), দর্গাপাড়া গ্রামের মো. রনির ছেলে মো. রিফাত হোসেন (২২) এবং পাচানী মাঠ গ্রামের মো. শুকুর আলীর ছেলে মো. সোহান আলী (১৯)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। রিফাতের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই রাতে সোয়া ১০টার দিকে ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে ডিঙ্গাডোবা (ঘোষমহল) গ্রামের মো. শাকিলের ছেলে আসমাউল সিফাত (২১)কে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মাদক মামলা রয়েছে। এদিকে ২৯ আগস্ট রাত ২টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসানুর হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে অনিক (২৪)কে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সাত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অনিকের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে। অন্যদিকে ২৮ আগস্ট বিকেল পৌনে ৫টার দিকে কাটাখালী থানা পুলিশ বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান চালিয়ে মিরকামারী গ্রামের মো. বেলাল উদ্দীনের ছেলে মো. মতিউর রহমান মতিন (৩৩)কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের কাজে ব্যবহৃত একটি ফয়েল পেপার ও একটি গ্যাস লাইটার জব্দ করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

একই দিন রাত পৌনে ১১টার দিকে রাজপাড়া থানা পুলিশ কাজীহাটা ঘোষপাড়া ঘোড়াডোবা এলাকায় অভিযান চালিয়ে চন্ডীপুর (প্রেসক্লাবের পেছনে) গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে মো. সাদেকুল ইসলাম (২৬) এবং পবা থানার মদনহাটি গ্রামের মো. আ. সাত্তারের ছেলে ও বর্তমানে রাজপাড়া থানার ভাটাপাড়া (কামাল খাঁ মোড়) এলাকায় বসবাসকারী মো. শফিকুল ইসলাম (৪০)কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের কাজে ব্যবহৃত একটি কলকি, একটি কেঁচি ও একটি লোহার কাটনী জব্দ করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পুলিশ জানায়, সাদেকুল ইসলামের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মাদক ও একটি পেনাল কোড আইনে মামলা রয়েছে। শফিকুল ইসলামের বিরুদ্ধেও রাজপাড়া থানায় একটি মাদক ও একটি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

এ ছাড়া ২৮ আগস্ট রাত সোয়া ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মো. জারজিসের ছেলে মো. সোহেল রানা ওরফে রানা (৩৫)কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৮১০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশের পৃথক এসব অভিযানে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধারের পাশাপাশি মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট