নাটোরে ১০৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
নাটোরে অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা। গত বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানাধীন নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বড়গাছা বড়মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলীপুর মহিষালবাড়ী এলাকার শফিকুর রহমান ওরফে শফিক (৩৮) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর জোরপুকুরিয়া এলাকার মিন্টু আকন্দ (৪৩)।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার দক্ষিণ বড়গাছা বড়মোড় থেকে ছোটমোড়গামী পাকা সড়কে আসাদ কম্পিউটার দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে শফিকুর রহমান জানান, তাঁর পায়ুপথে বিশেষ প্রক্রিয়ায় মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর নিজের হাতে তা বের করে দিলে সেখান থেকে ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে শফিক আরও জানান, ‘রনি’ নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে হেরোইন সংগ্রহ করে পায়ুপথে বিশেষ প্রক্রিয়ায় বহন করে মিন্টু আকন্দের কাছে পৌঁছে দিতে তিনি নাটোরে এসেছিলেন।
