দুর্গাপুরে অনুদানের চাল বিক্রির চেষ্টা মাদ্রাসা সুপার আটক, জেল-জরিমানা
দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে সরকারি অনুদানের চাল বিক্রির চেষ্টাকালে জাহিদ হাসান (৩৫) নামে এক মাদরাসা সুপারকে আটক করেছে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার পালশা নতুন হাটসংলগ্ন মাদরাসা-ই মদিনাতুল উলুম মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
আটক জাহিদ হাসান উপজেলার পালশা গ্রামের টোটারপাড়া এলাকার কামরুল খাঁর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি অনুদানের চাল বিক্রির চেষ্টা করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। তিনি সংশ্লিষ্ট আইনে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। স্থানীয়রা বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে সরকারি অনুদানের চাল বিক্রির চেষ্টার অভিযোগ অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “সরকারি অনুদানের চাল বিক্রির অভিযোগে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
