বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গাছের চারা উপহার
পরিবেশ রক্ষা, প্লাস্টিক দূষণ হ্রাস এবং সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘প্লাস্টিকের বদলে গাছ’ শীর্ষক ব্যতিক্রমধর্মী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাদা পায়রা উড়িয়ে ক্যাম্পেইনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম ম্যোল্লা। উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর উপ-পরিচালক মো. সিরাজুর রহমান। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্লাজায় চত্বরে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মূল বার্তা ছিল ‘ছোট পরিবর্তন, বড় প্রভাব’।
কর্মসূচিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা তাদের ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী জমা দিয়ে উপহারস্বরূপ একটি করে গাছের চারা সংগ্রহ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রথম ৩০০ জনের মধ্যে প্লাস্টিক সামগ্রীর বিনিময়ে ৩০০টি গাছের চারা উপহার পান। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় ৩০ টির মত বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়। এ ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বোতল, প্যাকেটসহ বিভিন্ন ধরনের ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী নিয়ে আসেন। সংগৃহীত প্লাস্টিক সামগ্রী যথাযথভাবে পুনর্ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারীদের গাছের চারার পরিচর্যা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বিষয়ে সচেতন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য কমানো, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
