গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

স্টাফ রিপোর্টার

গাছ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা না হলে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পবা উপজেলার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি মিলন। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ কর্মসূচির আয়োজন করে। বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এমপি মিলন বলেন, ‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।’ পরিবেশ রক্ষায় প্রতি বছর দেশে পাঁচ কোটি গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। গাছকে সন্তানের মতো পরিচর্যা করে বড় করে তুলতে হবে। তিনি আরও বলেন, শুধু মেহগনি নয়, পরিবেশের প্রয়োজন বিবেচনায় ঔষধি, ফলদ ও সৌন্দর্যবর্ধক ফুলের গাছও লাগাতে হবে। বিদ্যালয় ও বাড়ির আঙিনাসহ খালি জায়গায় পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তুলতে হবে।

দেশে সুশাসন প্রতিষ্ঠার প্রসঙ্গে এমপি মিলন বলেন, ‘বিগত দিনে কী হয়েছে, সেদিকে আমরা আর তাকাব না। অতীতকে স্মরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগকে স্বাধীন রাখা এবং অতীতের কালাকানুন রোধ করে জনকল্যাণমুখী ও যুগোপযোগী আইন প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, গান-বাজনা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের চর্চা প্রয়োজন। সরকারি নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হয়েছে।

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে এমপি মিলন বলেন, পেশায় কেউ জজ, ব্যারিস্টার, চিকিৎসক, প্রকৌশলী কিংবা কৃষক—যাই হোক না কেন, সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। ধর্মীয় অনুশাসন ও শৃঙ্খলা মেনে চলার মধ্য দিয়ে সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুর রউফ ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। কর্মসূচির উদ্বোধন শেষে এমপি মিলন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে তিনি ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট