থামছেই না নারী-শিশু নির্যাতন, প্রতি মাসে গড়ে ১৭৭৮ মামলা

প্রভাত ডেক্স

১৯ মে প্রতিবেশীর ফ্ল্যাটে ধর্ষণ ও খুনের শিকার হয় আট বছরের এক শিশু। দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করা এ নির্মমতায় ত্বরিত পদক্ষেপ নেওয়া হয়। ঘটনার মাত্র ১৯ দিনের মধ্যে নিম্ন আদালতে বিচার শেষ করে দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়। তবে এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপের পরও দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা যেন থামছেই না। তাদের নিরাপত্তায় সরকারের নানান উদ্যোগ, সচেতনতা কার্যক্রম ও আইনগত সহায়তা দৃশ্যমান কোনো পরিবর্তন আনতে পারছে না। পুলিশের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই- প্রতি মাসে গড়ে সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে এক হাজার ৭৭৮টি।তবে বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের নথিতে থাকা মামলার সংখ্যা নির্যাতনের সম্পূর্ণ চিত্র নয়। কারণ, অপরাধের শিকার হওয়ার পর একজন নারী বা শিশুর জন্য থানায় গিয়ে মামলা করা সহজ কোনো অভিজ্ঞতা নয়। সামাজিক চাপ, পারিবারিক বাধা, লোকলজ্জা কিংবা ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কারণে অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিতে দ্বিধায় থাকেন। ফলে সার্বিক চিত্র তুলে ধরার ক্ষেত্রে এমন বাস্তবতাও বিবেচনায় নেওয়া জরুরি। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ২০২৬ সালের জানুয়ারিতে সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে এক হাজার ২৮১টি। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় মামলার ঘটনা ১০৮টি।এছাড়া ফেব্রুয়ারিতে দেশজুড়ে এক হাজার ১৮১টি ও ডিএমপিতে ৯৬টি, মার্চে দেশে এক হাজার ৪৮৫টি ও ডিএমপিতে ১১১টি, এপ্রিলে দেশে দুই হাজার ১১টি ও ডিএমপিতে ১৬৮টি, মে মাসে দেশে এক হাজার ৯৫২টি ও ডিএমপিতে ১৩৪টি, জুনে দেশে দুই হাজার ২০০টি ও ডিএমপিতে ১৩৮টি এবং জুলাইয়ে দেশে দুই হাজার ৩৩৬টি ও ডিএমপিতে ১৩১টি মামলা হয়েছে।অর্থাৎ, এই সাত মাসে সারাদেশে ১২ হাজার ৪৪৬টি এবং এর মধ্যে ডিএমপিতে ৮৮৬টি মামলা নথিভুক্ত করা হয়। ২০২৫ সালে একই সময়ে দেশব্যাপী মামলা হয় ১২ হাজার ৮৩৯টি এবং এর মধ্যে ডিএমপিতে মামলা হয়েছিল এক হাজার ৪৮টি। ইউনিসেফের উদ্বেগ প্রকাশ: দেশে শিশু ও নারীদের ওপর নির্মম সহিংসতা, ধর্ষণ ও হত্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। সংস্থাটি গত ২২ মে এক বিবৃতিতে জানায়, যেসব স্থানে শিশুদের সবচেয়ে নিরাপদ থাকার কথা ছিল, সেখানেই তারা চরম বর্বরতার শিকার হচ্ছে। ইউনিসেফ বিবৃতিতে উল্লেখ করে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত নারী ও শিশুদের ওপর যৌন ও শারীরিক সহিংসতার যেসব তথ্য সামনে এসেছে, তাতে দেশব্যাপী শিশু এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধব্যবস্থা জোরদার করা জরুরি।সংস্থাটি মনে করে, সহিংসতা প্রতিরোধ, ঘটনা রিপোর্টিং, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা এবং শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থার ঘাটতিগুলো দ্রুত দূর করা প্রয়োজন। একই সঙ্গে স্কুল, মাদরাসা, কর্মক্ষেত্র এবং পাড়া-মহল্লায় নজরদারি ও জবাবদিহি আরও শক্তিশালী করা দরকার। এছাড়া ভুক্তভোগীদের জন্য প্রয়োজনীয় মানসিক ও সামাজিক সহায়তার ওপরও জোর দেয় সংস্থাটি।সমাজ যখন চুপ থাকে, তখন সহিংসতা আরও ছড়িয়ে পড়ে- এই বার্তা দিয়ে ইউনিসেফ দেশের সর্বস্তরের মানুষকে যে কোনো নির্যাতন বা শোষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।    নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোতে দু-একটা বিচার হচ্ছে, কিন্তু বেশিরভাগেই তো বিচারের কোনো খবর নাই। হ্যাঁ, গ্রেফতার হলো, তারপর অপরাধটা কী করলো সেটা কিন্তু আমাদের একটু ভালো করে দেখা উচিত। প্রথম কথা, এই অপরাধীদের শাস্তিগুলো দৃশ্যমান হতে হবে। মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং তা নিরসনের উপায়’ শীর্ষক একটি গবেষণা চালানো হয়। গত ২ মে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক পরামর্শ সভায় গবেষণাটির ফলাফল উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, দুর্বল তদন্ত ও সাক্ষী সুরক্ষার অভাবকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে গবেষণায় চিহ্নিত করা হয়। দেশের ৩২ জেলার ৪৬টি ট্রাইব্যুনালে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন সময়কালে নিষ্পত্তি হওয়া চার হাজার ৪০টি মামলার নথি বিশ্লেষণের ভিত্তিতে গবেষণাটি করা হয়। এতে দেখা যায়, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে ১৮০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে বিচারপ্রক্রিয়া দীর্ঘসূত্রতায় জর্জরিত। একটি মামলা নিষ্পত্তি হতে গড়ে সময় লাগছে প্রায় তিন বছর সাত মাস, অর্থাৎ এক হাজার ৩৭০ দিন। এসময়ের মধ্যে প্রতিটি মামলায় গড়ে ২২ বার করে তারিখ পড়ছে, যা বিচার বিলম্বের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে।মামলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এসব মামলায় সাজার হার অত্যন্ত কম, মাত্র ৩ শতাংশ। বিপরীতে প্রায় ৭০ শতাংশ মামলায় আসামিরা খালাস পাচ্ছেন। এছাড়া প্রায় ১০ শতাংশ মামলা আপসের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে, যা বিচারপ্রক্রিয়ার কার্যকারিতা ও ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।গবেষণায় বিচার বিলম্বের পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে- অভিযোগকারী ও সাক্ষীর অনুপস্থিতি, ঘন ঘন সময় প্রার্থনা, তদন্তে বিলম্ব, দুর্বল প্রমাণ ব্যবস্থা, ফরেনসিক ও ডিএনএ রিপোর্ট পেতে দেরি এবং সাক্ষী সুরক্ষার অভাব। সেই সঙ্গে তদন্তের নিম্নমান, নিষিদ্ধ পদ্ধতির ব্যবহার (যেমন টু-ফিঙ্গার টেস্ট), সামাজিক চাপের কারণে আপস বা মামলা থেকে সরে দাঁড়ানো, আইনি অধিকার সম্পর্কে অজ্ঞতা এবং অভিযুক্তদের প্রভাবও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে উল্লেখ করা হয়।নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অধিকতর সংশোধন করে আনা একটি বিল গত ১০ এপ্রিল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন উত্থাপিত নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, ২০২৬-এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বিচার প্রক্রিয়া আরও গতিশীল, দ্রুত ও জবাবদিহিমূলক করা।দীর্ঘসূত্রতা ও বিলম্বিত বিচার প্রক্রিয়া ভুক্তভোগীদের জন্য যে মানসিক ও সামাজিক কষ্ট সৃষ্টি করে তা বিবেচনায় নিয়ে এ আইনে তদন্ত ও বিচার কার্যক্রমে সময়সীমা নির্ধারণ এবং কার্যকারিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা, গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় উন্নত সুরক্ষাব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে তারা বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে পুনরায় কোনো ধরনের ভয় বা হয়রানির সম্মুখীন না হন।আইনটি অপরাধীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে আরও কঠোর ও সুস্পষ্ট কাঠামো দিয়েছে। এর মাধ্যমে শক্তিশালী প্রতিরোধমূলক বার্তা দেওয়া হয়েছে যে, এই সমাজে সহিংসতা ও নির্যাতনের কোনো স্থান নেই। অপরাধের জন্য শাস্তি অনিবার্য এবং রাষ্ট্র এ বিষয়ে কোনো ধরনের আপস করবে না। নারী ও শিশুদের প্রতি সব প্রকার সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট