সব মাদরাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে : শিক্ষামন্ত্রী
২০৩১ সালের মধ্যে ইবতেদায়ি মাদরাসাসহ দেশের সব মাদরাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
এহছানুল হক মিলন বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের ‘স্বাস্থ্য ও খাদ্য’কে অগ্রাধিকার দিয়ে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাদরাসা শিক্ষার্থীদের সহায়তা সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপি কর্মসূচির আওতায় ‘মাদরাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি’ (এমইইএসপি) প্রণয়ন করা হয়েছে। মন্ত্রী বলেন, এ কর্মসূচির মাধ্যমে ২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদরাসায় মিড-ডে মিল চালু করা হবে। এর আওতায় ইবতেদায়ি মাদরাসাগুলোও থাকবে। এর আগে প্রশ্নে সংসদ সদস্য জানতে চান, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিল সুবিধা প্রদান করলেও মাদরাসার শিক্ষার্থীরা, বিশেষ করে অবহেলিত এতিমখানার শিক্ষার্থীরা কেন এ সুবিধা পাচ্ছে না।
এদিকে দেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে এবং মাদরাসা এমপিওভুক্ত করা একটি চলমান প্রক্রিয়া বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৮ সেপেটম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে। মাদরাসা এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। ইতিমধ্যে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী সব মানদণ্ড সঠিক পাওয়া গেলে ভবিষ্যতে মাদরাসা এমপিওভুক্ত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। সূত্র: কালের কন্ঠ
