চুয়াডাঙ্গায় অপহৃত স্কুলছাত্র  রাজশাহীতে উদ্ধার, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার দর্শনায় ১৪ বছরের এক স্কুলছাত্রকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় অপহরণ চক্রের মূলহোতা সুমন খান (৩৭) ও সদস্য রুবেল শেখকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে।

র‌্যাবের পাঠানো বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া স্কুলছাত্র নাইম উদ্দিন (১৪) চুয়াডাঙ্গার দর্শনা থানার প্রতাপপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় মদনা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ আগস্ট সকাল ১১টায় দিকে প্রতাপপুর দক্ষিণপাড়া গ্রামের বাড়ির সামনে প্রতিদিনের মতো খেলতে বের হয় সে। দুপুর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়ের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন রোববার সকাল ৭টায় দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা স্কুলছাত্রের বড় ভাই মাসুদ রানার মোবাইল নম্বরে কয়েকটি স্থিরচিত্র পাঠায়। ছবিতে নাইমের মুখ টেপ দিয়ে মোড়ানো এবং হাত-পা বাঁধা অবস্থায় দেখা যায়। তাকে মুক্তির বিনিময়ে অপহরণকারীরা ১ লাখ ৩৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে নাইমকে ছেড়ে দেওয়া হবে না এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর চুয়াডাঙ্গাসহ সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর মামা আব্দুল আলীম বাদী হয়ে দর্শনা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এরপর র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর মোড়ের একটি আবাসিক হোটেলে অভিযান চালায়। সেখান থেকে অপহৃত স্কুলছাত্র নাইম উদ্দিনকে উদ্ধার করা হয় এবং অপহরণ চক্রের মূলহোতা সুমন খানকে গ্রেপ্তার করা হয়। পরে সুমনের দেয়া তথ্যমতে নগরীর স্বর্ণপট্টি আবাসিক হোটেল এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের সদস্য রুবেল শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের রাজশাহীর চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট