বাঘায় মৌলিক প্রশিক্ষণ
বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদ হলরুমে ৬৪ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রশিক্ষণের পঞ্চম দিনে বৃহস্পতিবার সামাজিক নিরাপত্তা কাঠামোতে তরুণ ভিডিপি সদস্যদের কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সুযোগ,সম্ভাবনা ও কৌশল বিষয়ে সেশন পরিচালনা করেন, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, রাজশাহী জেলা কমান্ড্যান্ট মোঃ জহুরুল ইসলাম।
একই দিনে নৈতিকতা, শিষ্টাচার ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সেশন পরিচালনা করেন শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হানিফ মিয়া।
প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন কোর্স অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার এবং উপজেলা প্রশিক্ষক মোঃ সোহেল রানা।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার সত্যজিৎ কুমার সরকারের সঙ্গে কথা বলে জানা যায়, ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যরা পরবর্তীতে বাহিনীর পৃষ্ঠপোষকতায় বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে মোটর ড্রাইভিং ও ড্রাইভিং লাইসেন্স, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং, জাপানি ভাষা শিক্ষা, ৬জি ওয়েল্ডিং, স্টিল ফিক্সিং অ্যান্ড কারপেন্ট্রি, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার মেরামত, নিটিং অ্যান্ড উইভিং এবং ফ্যাশন ডিজাইনিং। এসব প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
