আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময়
রাজশাহী জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মহানগর ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ও খেলোয়াড়দের উৎসাহ প্রদান করছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক ও বর্তমান খেলোয়াড়দের ক্রীড়া ভাতা প্রদান করছে সরকার। নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছে। রাসিক প্রশাসক বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নগরীতে ২২টি খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছে। মাদকমুক্ত রাজশাহী গড়ে তুলতে যুব সমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। রাজশাহীর ক্রীড়াঙ্গণকে আরও এগিয়ে নিতে তিনি ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক। সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, মুক্তার হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক।
