নগরীতে ডিবি ও পবা থানা পুলিশের অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকাসহ ৩জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পবা থানা পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে ১০টায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার বাসিন্দা সন্টু মিয়া (৫৫) এবং তার স্ত্রী মিতা পারভীনকে (৪৫) গ্রেপ্তার করে। অভিযানে তাদের কাছ থেকে ১ দশমিক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে পবা থানা পুলিশ পিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাসিবুল ইসলামকে (৪৬) গ্রেপ্তার করে পুলিশ। তিনি শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে এবং বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকায় বসবাস করেন। এ সময় তার কাছ থেকে ৬টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৬০০ টাকা উদ্ধার করা হয়। এদিকে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ নর্দান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মতিহার থানার নতুন বুথপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে জহুরুল ইসলাম মিন্টুকে (৪০) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেই সাথে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি অটো রিক্সা জব্দ করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার তালাইমারী পুলিশ ফাঁড়ি মেহেরচন্ডী স্কুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মেহেরচন্ডী দক্ষিণপাড়া গ্রামের হাসান আলীর ছেলে শান্ত ইসলামকে (২৯) গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। হাসিবুল ইসলামের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলা এবং আরএমপির বিভিন্ন থানায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ১১টি মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। সেন্টু মিয়ার বিরুদ্ধে রাজপাড়া থানায় তিনটি এবং গোদাগাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে। তার স্ত্রী মিতা পারভীনের বিরুদ্ধেও রাজপাড়া থানায় একটি পেনাল কোডের মামলা এবং দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
