দুর্গাপুরে কর্মঘণ্টায় তিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওর

দুর্গাপুর প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে সরকারি কর্মঘণ্টায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম আকস্মিকভাবে উপজেলার পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়, নান্দিগ্রাম আলিম মাদ্রাসা ও দেবীপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সরকারি কর্মঘণ্টার মধ্যে তিনটি প্রতিষ্ঠানই তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কথা থাকলেও প্রতিষ্ঠানগুলো বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ইউএনও উম্মে হাবিবা ফারজানা।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান হলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার প্রধান ভিত্তি। সরকারি কর্মঘণ্টায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা বা নিয়মিত পাঠদান কার্যক্রমে অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়ে প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। কোন প্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট