রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন পল্লী উন্নয়নই দেশের অগ্রগতির ভিত্তি : ভুমিমন্ত্রী মিনু
স্টাফ রিপোর্টার
পল্লী উন্নয়নই দেশের অগ্রগতির ভিত্তি বলে মন্তব্য করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অবকাঠামো গড়ে তোলা। গতকাল সোমবার সকালে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
ভূমিমন্ত্রী বলেন, পল্লী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং বিআরডিবি বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে নানান কর্মসূচি হাতে নেয়। সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এরপর একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.এম বজলুর রশীদ। র্যালিতি বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন বিআরডিবি’র যুগ্ম পরিচালক বকুল চন্দ্র রায়। অনুষ্ঠানে বক্তারা পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।
