পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ তফিজুল ইসলাম ওরফে তফি (৩৩) নামে এক মাদক কারবারী গ্রেপ্তার করেছে র্যাব-৫। রাজশাহী র্যাব-৫ এর একটি দল গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পুঠিয়া থানার বানেশ্বর বাজার এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি দল বানেশ্বর বাজারস্থ রাজশাহী-ঢাকা হাইওয়ে রোডের উত্তর পাশে হান্নান মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ১০ গ্রাম হেরোইনসহ তফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তফিজুল ইসলাম ওরফে তফি রাজশাহীর গোদাগাড়ী থানার বিরুইল গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তফিজুল দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে বানেশ্বর বাজারসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার তফিজুল ইসলামের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।
