চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকার সাভারে প্রস্তুত থাকা ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে সরকার এ পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানকে (নিপসম) মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের ম্যানেজমেন্ট ট্রেনিং দেওয়ার নির্দেশনা দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মহাখালীর নিপসম অডিটরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবায় এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় কিভাবে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে পৌঁছানো যায়, সেটির ওপর আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি।’ তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে শুধু চিকিৎসক পদায়ন করলেই চলবে না, সঠিক প্রফেশনাল ম্যানেজমেন্ট ট্রেনিংও থাকতে হবে। প্রশাসনিক দায়িত্বে থাকা ডাক্তারদের এই ট্রেনিং না দিলে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগগুলোকে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে।

বাংলাদেশের সব উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে ১০১ বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সে পরিণত করা হবে জানিয়ে তিনি বলেন, ‘উপজেলা হেলথ কমপ্লেক্স পুরো স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা সমাধানের ভিত্তি। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি ও ঘোষণা দিয়েছি বাংলাদেশের সব ৩০ বেড এবং ৫০ বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে ১০১ বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সে পরিণত করব। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট