ওদের পাঁচজনের নেসকো রক্ষার চেষ্টা

স্টাফ রিপোর্টার

সংখ্যায় মাত্র ৫জন। কেউ সাথ দিক বা না দিক। প্রাণের শহর রাজশাহীর ঐতিহ্য রক্ষায় এই ৫জন ঢাল হয়ে দাঁড়িয়েছেন। এমন দৃশ্য দেখা যায় গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব বাতিল করে রাজশাহীতেই বহাল রাখার দাবিতে মানববন্ধন করেন এই ৫জন। নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ব্যানার নিয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে অবস্থিত। উত্তরাঞ্চলে বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের খবর ছড়িয়ে পড়ায় রাজশাহীবাসীর মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, প্রধান কার্যালয় স্থানান্তর করা হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে। একই সঙ্গে কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম নেতিবাচকভাবে প্রভাবিত হবে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো ও জনসেবামূলক কার্যক্রমও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা আরও বলেন, রাজশাহী শিক্ষা, প্রশাসন ও আঞ্চলিক উন্নয়নের অন্যতম কেন্দ্র। তাই নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখা জনস্বার্থসংশ্লিষ্ট এবং উত্তরাঞ্চলের সুষম উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে অবিলম্বে স্থানান্তরের প্রস্তাব বাতিল করে প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে অংশগ্রহণকারীরা বলেন, রাজশাহীর ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তারা আশা করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট