রাস্তা বা ফুটপাত দখল করে ভবন নির্মাণ করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি আরডিএ’র চেয়ারম্যানের
স্টাফ রিপোর্টার
হরহামেসাই কখনো রাস্তা দখল করে, আবার কখনো ফুটপাত দখল করে বহুতল ভবন নির্মাণ যেনো নিয়মনীতির মধ্যেই পড়েছিল। কিন্তু রাস্তা বা ফুটপাত দখল করে ভাবন নির্মাণকারীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুই। রাজশাহী নগরীর নতুন বিল শিমলা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে রাস্তার জন্য নির্ধারিত জায়গা দখল করে ভবন নির্মাণ হচ্ছে এমন অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন। এ সময় আরডিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড. আনোয়ার হোসেন ও তার সঙ্গে সংশ্লিষ্ট শেয়ার মালিকরা রাস্তার জন্য নির্ধারিত জায়গা না রেখেই একতলা ভবন নির্মাণ করছেন। এতে এলাকার চলাচলের পথ সংকুচিত হয়েছে এবং ভবিষ্যতে জনদুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। পরিদর্শনকালে অভিযোগের বিষয়ে জানতে আরডিএ চেয়ারম্যান ড. আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
পরিদর্শন শেষে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কোথাও যদি রাস্তা বা ফুটপাত দখল করে ভবন নির্মাণ করা হয় তার ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
