নগরীতে বিএসটিআই’র অভিযানে জরিমানা
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অভিযান চালানো হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় নগরীর সাহেববাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে বিএসটিআই’র গুণগত মানসনদ ও ছাড়পত্রবিহীন এবং বৈধ আমদানী ব্যতীত চোরাই পথে আনা বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় নগরীর সাহেব বাজার কালীমন্দিরের গলিতে অবস্থিত রাহাত এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
এছাড়া ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের অবৈধ মজুত বন্ধ, গুজব প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকল্পে নগরীর তালাইমারী এলাকায় অবস্থিত মেসার্স নয়ান পেট্রোলিয়াম এজেন্সী ও মেসার্স আফরিন ফিলিং স্টেশনে বিশেষ মনিটরিং পরিচালিত হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ফারহানা হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
