রাণীনগরে চোরাই ৫টি গরুসহ আন্ত:জেলা চোর চক্রের কুখ্যাত তিন গরু চোর গ্রেফতার

রাণীনগর সংবাদদাতা

নওগাঁর রাণীনগরে গরু চুরির ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই ৫টি গরু উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের কুখ্যাত তিন গরু চোরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে বগুড়া থেকে ১ জন ও নাটোরের সিংড়া থেকে ২ জন গরু চোরকে গ্রেফতার করে রাণীনগর থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃত তিনজন হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার কোমল দোগাছি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো: গোলাম রব্বানী ওরফে রব্বানী পাখিটার (৩৯), নাটোরের সিংড়া উপজেলার হাট তাজপুর গ্রামের পতিত চন্দ্র হালদারের ছেলে শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) ও বড় বাড়ুইহাটি গ্রামের সুমেন রাজবংশীর ছেলে শ্রী সুচন্দন রাজবংশী ওরফে সজল (২৭)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল।

তিনি জানান, সম্প্রতি রাণীনগর উপজেলার গোনা গ্রাম থেকে অসহায় এক পরিবারের তিনটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ গরু উদ্ধারে ও চোরদের গ্রেফতার করতে অভিযান শুরু করে। মঙ্গলবার রাতে থানা পুলিশ ডিবি পুলিশের সহযোগিতায় বগুড়া থেকে মো: গোলাম রব্বানী ওরফে রব্বানী পাখিটারকে প্রথমে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য মতে নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার ও শ্রী সুচন্দন রাজবংশী ওরফে সজলকে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতর শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদারের নিজ বাড়ি হতে ৫টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ। ওসি আরও বলেন, উদ্ধারকৃত গরুর মালিকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কার এবং কোথাকার গরু তা শনাক্তের চেষ্টা চলছে। আর গ্রেফতারকৃত তিনজনকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট