মান্দার ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহীর নওগাঁর মান্দায় বাক ও শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শাহিন আলমকে (৩০) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজশাহী র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্প ও র‌্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের যৌথ অভিযানে গতকাল রোববার দুপুর আড়াইটার তিকে সোনাইমুড়ী থানার আমিশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন আলম নওগাঁ জেলার মান্দা থানার চকমানিক গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, মামলার প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগী ২৬ বছর বয়সী এক বাক্ ও শারীরিক প্রতিবন্ধী তরুণী। গত ১৮ জুলাই দুপুর সোয়া ১টার দিকে একই গ্রামের একটি বাড়িতে যাওয়ার পথে স্থানীয় একটি ইট বিছানো রাস্তার পাশে শাহিন আলম তাকে জাপটে ধরে মুখ ওড়না দিয়ে চেপে ধরে। পরে রাস্তার পাশে বাঁশঝাড়ের জঙ্গলে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ঘটনার পর ভুক্তভোগী কান্না করতে করতে বাড়িতে ফিরে গোসল করে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানান। পরে তার মা স্বজনদের সঙ্গে পরামর্শ করে শাহিন আলমের বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় মামলা করেন। গত ২৮ জুলাই দায়ের করা মামলাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় অভিযোগ আনা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন বলে র‌্যাব জানিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ ও র‌্যাব-১১-এর যৌথ দল নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আইনানুগ প্রক্রিয়ায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার শাহিন আলমকে আইনগত প্রক্রিয়া শেষে নওগাঁ জেলার মান্দা থানায় হস্তান্তর করা হচ্ছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট