গোদাগাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় শরীরে লুকিয়ে রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক কমরা হয়েছে। রাজশাহী র্যাব-৫ এর একটি দল শুক্রবার রাতে গোদাগাড়ী থানার গোপালপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, সিজার আহম্মেদ নয়ন (৩০) ও আমরুল মৃধা (৫০)।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলে করে মাদক কারবারিরা হেরোইন নিয়ে রাজশাহীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৫-এর সিপিসি-১ এর একটি দল গোপালপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামানো হয়। মোটরসাইকেলের আরোহী দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হেরোইন বহনের বিষয়টি স্বীকার করেন। পরে দুই পায়ের রানের সঙ্গে কসটেপ দিয়ে পেঁচিয়ে রাখা দুটি প্যাকেট বের করে দেন। প্যাকেট দুটি থেকে ১৮৮ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিলেন বলেও জানিয়েছে র্যাব। তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
