তানোরে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে চুরি হওয়া একটি তিন চাকার ইঞ্জিনচালিত ভুটভুটি উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা এবং তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের কৌশলগত নেতৃত্বে পরিচালিত অভিযানে এই সাফল্য আসে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলী তার পিতা মো. আব্দুল করিমের তিন চাকার ইঞ্জিনচালিত ভুটভুটি চুরির ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত (৩ জুন) রাত ৮টার দিকে বাড়ির উঠানে রাখা ভুটভুটি গাড়িটি অজ্ঞাতনামা চোরচক্র চুরি করে নিয়ে গেছে। পরদিন ভোরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি করেও ভুটভুটির কোন সন্ধান পায়নি।
মামলার পরপরই তানোর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাজশাহী জেলার পবা থানার দিঘীর পারিলা এলাকায় অভিযান চালিয়ে আলমগীর (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। পরে তার দেখানো মতে একটি আকাশি রঙের কাঠ ও লোহার সংমিশ্রণে তৈরি চুরি যাওয়া ভুটভুটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানান, তিনি ভুটভুটি গাড়ি টি তানোর উপজেলার দুবইল গ্রামের জসিম আলীর কাছে থেকে কিনেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের আরেকটি দল অভিযান চালিয়ে জসিম আলীকে গ্রেফতার করে। এসময় জিজ্ঞাসাবাদে জসিম আলী ভুটভুটি গাড়ি টি চুরি করে বিক্রির বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, চুরি, ছিনতাইসহ যেকোনো অপরাধ দমনে তানোর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জনগণের জানমাল রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করছি। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
