ইরানের সঙ্গে চুক্তি আগামী সপ্তাহেই হতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হতে পারে বলে তিনি আশাবাদী। তার মতে, এমন একটি চুক্তি হলে চলমান যুদ্ধবিরতি আরও দীর্ঘস্থায়ী হবে এবং আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন সংবাদদাতা জনাথন কার্লকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, “পরিস্থিতি ভালো দেখাচ্ছে, খুবই ভালো দেখাচ্ছে।” আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও কূটনৈতিক অগ্রগতির বিষয়ে তিনি ইতিবাচক অবস্থান তুলে ধরেন। ট্রাম্প জানান, সাম্প্রতিক সময়ে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তবে সেটি দ্রুত সমাধান করা সম্ভব হয়েছে। তার ভাষায়, “আজ কিছুটা সমস্যা হয়েছিল, কিন্তু আমি খুব দ্রুত সেটি সমাধান করেছি।” মার্কিন প্রেসিডেন্টের দাবি, সমস্যার মূল কারণ ছিল লেবাননে ইসরাইলি সামরিক অভিযান নিয়ে ইরানের অসন্তোষ। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, তিনি হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে হামলা বন্ধ রাখার আহ্বান জানান। একই সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও যোগাযোগ করেন। ট্রাম্প দাবি করেন, তার হস্তক্ষেপের পর উভয় পক্ষই পারস্পরিক হামলা বন্ধে সম্মত হয়েছে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট