কতদিন টিকবে ইরান? সিআইএ রিপোর্টে উঠে এলো নতুন তথ্য
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে গভীর উদ্বেগ তৈরি করেছে। উপসাগরীয় অঞ্চলে বিচ্ছিন্ন সংঘর্ষ এবং হরমুজ প্রণালিতে সামরিক তৎপরতার মধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, নৌ অবরোধ অব্যাহত থাকলেও ইরান অন্তত চার মাস বড় ধরনের অর্থনৈতিক সংকট ছাড়াই টিকে থাকতে সক্ষম। রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের বন্দর ও জ্বালানি রপ্তানির ওপর চাপ বাড়লেও দেশটির অর্থনীতি তাৎক্ষণিকভাবে ভেঙে পড়ার ঝুঁকিতে নেই। ফলে তেহরানের ওপর দ্রুত চাপ সৃষ্টি করে কূটনৈতিক ছাড় আদায়ের কৌশল ওয়াশিংটনের জন্য কঠিন হয়ে পড়তে পারে। তবে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এই বিশ্লেষণকে আংশিক বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। তাঁর মতে, চলমান অবরোধ ইতোমধ্যে ইরানের বাণিজ্য, রাজস্ব ও আর্থিক কাঠামোয় গভীর প্রভাব ফেলতে শুরু করেছে। এরই মধ্যে হরমুজ প্রণালিতে আবারও উত্তেজনার খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, শুক্রবার ইরানি বাহিনী ও মার্কিন নৌবাহিনীর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে তাসনিম নিউজ এজেন্সি জানায়, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও নতুন সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানি বন্দরের দিকে অগ্রসর হওয়া ইরান-সংশ্লিষ্ট দুটি জাহাজে তারা হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, একটি যুদ্ধবিমান জাহাজ দুটির ধোঁয়া নির্গমন অংশে আঘাত করলে সেগুলো পিছু হটতে বাধ্য হয়। অন্যদিকে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন। সূত্র: ইনকিলাব
